তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ অভিবাসী নিহত

ইরান সীমান্তবর্তী তুরস্কের পূর্বাঞ্চলে এক বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ তিন দেশের ১২ অভিবাসী নিহত হয়েছেন। গতকাল রবিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ৩৮ জন অভিবাসীকে বহনকারী একটি বাস ইরান সীমান্তবর্তী তুরস্কের ভেন প্রদেশের মুরাদিয়ে পার হওয়ার সময় খাদে পড়ে যায়। এ সময় বাসটিতে আগুন লেগে গেলে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। বাকি ২৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই নিহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের মালিককে আটক করা হয়েছে। প্রসঙ্গত, অবৈধভাবে ইউরোপগামী অভিবাসীদের জন্য তুরস্ককে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে মানব পাচারকারীরা। তুরস্কের ইস্তাম্বুল ও আঙ্কারায় পৌঁছানোর আগে মূলত ইরানের স্থানীয় লোকজনের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীরা নিয়মিতভাবে তুরস্কের সীমান্তে প্রবেশ করছে। তারপর তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে নৌকাযোগে তারা ইউরোপের পথে পাড়ি জমায়।