রূপগঞ্জে অগ্নিকাণ্ডে শ্রমিক নিহতের ঘটনায় এমএসএফের উদ্বেগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস লিমিটেডের কারখানায় বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডে ৫২ জন শ্রমিক-কর্মচারী নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। গতকাল রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এমএসএফ জানায়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ৬২ ধারা ‘অগ্নিকাণ্ড সম্পর্কে সতর্কতা অবলম্বন’ না করা,  কারখানা পরিচালনা করার অনুপযোগী ইমারতে কারখানা প্রতিষ্ঠা করা ও  কলকারখানা চালু রাখার ন্যূনতম নির্দেশনা না মানা এ দুর্ঘটনার কারণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলা এবং দায়িত্বহীনতার কারণে শ্রমিক-কর্মচারীদের বারবার জীবন দিতে হচ্ছে যা হত্যাকাণ্ডের শামিল। এমএসএফ আরো মনে করে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সমাজের প্রতিটি স্তরে আইনের শাসন আর জবাবদিহির অভাব ও বিচারহীনতার অপসংস্কৃতির কারণে ক্ষমতাধর প্রভাবশালী মানুষ এ ধরনের বেপরোয়া আচরণ করার সাহস পাচ্ছে। কারখানাটিতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। জরুরি বহির্গমনের জন্য বিল্ডিং কোড অনুযায়ী পর্যাপ্তসংখ্যক সিঁড়ি ছিল না। কারখানাটি মালামালে ভর্তি ছিল তদুপরি গেটও বন্ধ ছিল। এসব কারণে আগুন লাগার পর শ্রমিকরা দ্রুত কারখানা থেকে বেরিয়ে আসতে পারেনি। স্পষ্টতই কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অবহেলা ও উদাসীনতার জন্য দায়ী মালিক-কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।