সোনালি অতীতের ছায়াছবি দেখতে চাই

 

বাংলাদেশের টিভি চ্যানেল এখন অনেক। কোনো কোনো চ্যানেল শুধু নিউজ প্রচার করে। আবার কোনো কোনো চ্যানেল প্রচার করে খেলাধুলা বা জীববৈচিত্র্য। বাকিগুলো সবকিছুই প্রচার করে, যেমন—নাটক, সিনেমা, খবর, বিনোদন, ক্রীড়া প্রভৃতি। যখন বিটিভি নামে একটি মাত্র টিভি চ্যানেল ছিল, তখন ছুটির দিনে বাংলা চলচ্চিত্র দেখানো হতো। এখন সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাওয়ায় এবং রুচিসম্পন্ন সিনেমা না থাকায় হলে সিনেমা দেখা বন্ধ হয়ে গেছে। পারিবারিক পরিবেশে সবাইকে নিয়ে পুরোনো ছবি বিটিভিসহ বিভিন্ন চ্যানেলে দেখতে চাই। বিশেষ করে মুক্তিযুদ্ধের ছবি। সম্প্রতি জাতীয় সংসদে চলচ্চিত্র ও অভিনয় কলাকৌশলীদের জন্য একটি ফান্ড গঠনে অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে সিনেমা হল চালুকরণ, মুক্তিযুদ্ধসহ ভালো ও রুচিসম্পন্ন ছবি নির্মাণের জন্য ঋণ প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। বিনোদনের জন্য কিছুটা আশার আলো দেখতে পেলাম। টিভি চ্যানেলে মুক্তিযুদ্ধসহ পুরোনো বিভিন্ন সামাজিক ছবি দেখতে চাই। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

লায়ন হামিদুল আলম সখা

সম্পাদক, মহুয়া