বর্তমানে মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ভয়াবহ পরিস্থিতি পার করছে দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ১ জুলাই থেকে সারা দেশব্যাপী কঠোর লকডাউন আরোপ করে সরকার। মাঠে নামানো হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। কিন্তু তারপরো জনসাধারণের টনক নড়ছে না। লাগামহীনভাবে চলাচল করছেন অনেকেই। অপ্রয়োজনে ঘোরাফেরা করছেন রাস্তাঘাট, কাঁচাবাজারসহ অন্যান্য জায়গায়। অপ্রয়োজনে ঘোরাফেরার কারণে অনেককে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তবুও তারা জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে আনতে পারছেন না। আমাদের জনগণের একটা কথা মনে রাখা প্রয়োজন, আমরা যদি অপ্রয়োজনে ঘর থেকে বের হই তাহলে দেশব্যাপী মৃত্যুর মিছিল দিনে হাজার অতিক্রম করতে খুব বেশি সময় লাগবে না। তাই দেশের জনগণের কাছে বিনীত অনুরোধ, আমরা যেন কেউ অপ্রয়োজনে ঘর থেকে বের না হই। আর প্রয়োজনে ঘর থেকে বের হলে যেন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলি।
নাজমুস সাকিব
কুষ্টিয়া