ইতিহাস গড়ার মঞ্চে শুরুতে একটু হোঁচট খেলেন নোভাক জোকোভিচ। শক্ত অবস্থানে থেকেও হেরে বসলেন প্রথম সেট। তবে এরপর আর কোনো ভুল নয়। পরের তিন সেটে অনায়াসে জিতে ধরে রাখলেন উইম্বলডনের মুকুট। পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে স্পর্শ করলেন রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে।
অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে রবিবার ফাইনালে মাত্তেও বেররেত্তিনিকে ৬-৭(৪-৭), ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে ইতিহাস গড়েন সার্বিয়ান তারকা।
প্রথম বারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে ৫-২ গেমে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে জিতে যান ইতালির বেররেত্তিনি। কিন্তু পরে আর চ্যাম্পিয়নের পথচলায় বাধা হতে পারেননি তিনি।
উইম্বলডনে এই নিয়ে ষষ্ঠ বার চ্যাম্পিয়ন হলেন জোকোভিচ। বছরের চার গ্র্যান্ড স্ল্যাম মিলিয়ে জিতলেন রেকর্ড ২০টি শিরোপা। যে চূড়ায় আগে থেকে আছেন ফেদেরার ও নাদাল।
২০১৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতে রেকর্ডটি গড়েছিলেন ফেদেরার। আর গত বছরের ফরাসি ওপেন জিতে তাকে স্পর্শ করেন নাদাল। এবার সেই সারিতে উঠে বসলেন জোকোভিচ।