কুমিল্লায় পেট্রোল পাম্পে আগুন, পাঁচটি বাস ভস্মিভূত

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার ফিলিং স্টেশনে রাখা বাসে হঠাত্ করে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফিলিং স্টেশনের একাংশে রাখা যাত্রীবাহী পাঁচটি খালি বাস আগুনে পুড়ে যায়। রবিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিমসার ফিলিং স্টেশনের ম্যানেজার শাহ আলম জানান, লকডাউনের কারণে ফিলিং স্টেশনের পাশে এশিয়া পরিবহনের কয়েকটি বাস রাখা ছিল। বিকাল ৪টায় হঠাত্ করে একটি বাসে আগুন লেগে যায়। এসময় পাশের বাসগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুমিল্লা সদর দপ্তরের দুটি ও চান্দিনার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এরই মধ্যে পাঁচটি খালি বাস আগুনে পুড়ে যায়। কুমিল্লা ফায়ার সার্ভিসের উপপরিচালক শরফুদ্দীন জানান, চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, বাসের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।