শিগিগরই বিদেশে বাংলাদেশি বিনিয়োগ নীতিমালা চূড়ান্ত হবে

ইত্তেফাক রিপোর্ট

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, শিগিগরই বহির্বিশ্বে বাংলাদেশি বিনিয়োগ নীতিমালার চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হবে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ১৩ অনুচ্ছেদ বিশিষ্ট একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। পরে তা বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছ পাঠিয়ে মতামত চাওয়া হয়েছে। এতে অনেক খাত চিহ্নিতকরণসহ বিভিন্ন সংযোজন-বিয়োজন করা হবে। এর পর খসড়া নীতিমালা প্রস্তুত করা হবে।

গতকাল রবিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বহির্বিশ্বে বাংলাদেশি বিনিয়োগ নীতিমালাবিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান। ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজিত ঐ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি বলেন, গত এক দশকে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বেড়েছে। তাই এখন আমরা বহির্বিশ্বে বিনিয়োগের কথা ভাবছি, যা দশ বছর আগেও ছিল কল্পনার বাইরে। তাই বহির্বিশ্বে বিনিয়োগের নীতিমালা প্রণয়ন করা এখন সময়ের দাবি। তবে এক্ষেত্রে আগে আমাদের সেক্টরগুলো চিহ্নিত করতে হবে। সেই সঙ্গে আমাদের এমনভাবে পলিসি প্রণয়ন করা উচিত, যাতে কোনো রকম মানি লন্ডারিং লিকেজ ইস্যু না থাকে।

 কর্মশালায় সভাপতির বক্ত্যবে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিডার গভর্নিং বোর্ডের প্রথম সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই নীতিমালা তৈরির কথা বলা হয়েছিল। ২য় গভর্নিং বোর্ডসভায় বিডাকে এর খসড়া চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এ সময়ে তিনি আরো বলেন, উন্নত বাংলাদেশের স্বপ্নযাত্রার কথা মাথায় রেখে বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে শিগিগরই বহির্বিশ্বে বাংলাদেশি বিনিয়োগ নীতিমালার চূড়ান্ত খসড়া তৈরি করা হবে।

এসময়ে চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ বহির্বিশ্বে বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে কৃষি ও কৃষি উত্পাদনবিষয়ক বিনিয়োগের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। কর্মশালায় সৌদি আরবে নিযুক্ত সাবেক বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসি মধ্যপ্রাচ্যে মাঝারি ও ছোট বিনিয়োগের সুবিধাগুলোর কথা তুলে ধরেন।

 বিডার উপপরিচালক নুসরাত জাহানের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিডার নির্বাহী সদস্য মহাসিনা ইয়াসমিন। এসময়ে বিডার মহাপরিচালক শাহ্ মোহম্মদ মাহাবুব ১৩ অনুচ্ছেদ বিশিষ্ট ‘বহির্বিশ্বে বাংলাদেশি বিনিয়োগ নীতিমালার খসড়া’ উপস্থাপন করেন।