মেসির ঘরে আরাধ্য ‘ট্রফি’

জান-ই-আলম

তখন সাইডলাইনে বল নিয়ে ব্যস্ত, পড়ে গিয়েছিলেন ঘাসের ওপর। মুহূর্তেই রেফারির শেষ বাঁশি বেজে উঠল। তীক্ষ সুরের হুইসেল তার কর্ন-কুহূরেও প্রবেশ করেছে। মারাকানার ময়দানে সেই আওয়াজ তার মনোজগতে কেমন আন্দোলন তৈরি করেছিল, তা বোঝা কঠিন নয়।

শব্দ শুনেই দুই হাতে মুখ ঢেকে ফেললেন, শিশুসুলভ কান্নার অবয়ব মুখশ্রী জুড়ে। রেফারির সবুজ সংকেত পেয়ে আর্জেন্টিনার ফুটবলাররা ভো দৌড়ে ছুটলেন তার পানে। দুই সতীর্থের ঘাড়ে হাত রেখেও নেত্রপল্লবে বইছে জলের প্রবাহ। লিওনেল আন্দ্রেস মেসির কপল বেয়ে নামছে আনন্দাশ্রু। এমন মাহেন্দ্রক্ষণে তার প্লাবিত অশ্রুনেত্র দেখার অপেক্ষায় ছিল গোটা বিশ্ব। 

বিষাদে বিবর্ণ চারটি ফাইনাল, আর্জেন্টিনার জার্সিতে ‘ট্রফি’ যেন প্রবঞ্চকের চরিত্র হয়েই বারবার ধরা দিয়েছে মেসির কাছে। অবশেষে পরম আরাধ্য ট্রফির রোমাঞ্চে ভাসলেন আর্জেন্টাইন খুদে ফুটবল জাদুকর। মহাদেশীয় টুর্নামেন্ট থেকেই পূর্ণতা পেলেন। ঘুচে গেছে ট্রফির আক্ষেপ। কোপা আমেরিকার ট্রফিতে আলোকিত হলো মেসির ঘর।

তার নেতৃত্বেই গতকাল ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। একমাত্র গোলটি করেছেন ডি মারিয়া। আবেগের ঘোর কাটিয়ে সতীর্থদের সঙ্গে উল্লাসে যোগ দেন মেসি। মারাকানার মাঠ ঘুরে ঘুরে দলের সবার সঙ্গে আলিঙ্গনে জড়িয়েছেন। কোচ লিওনেল স্কালোনি, যুব দলের সতীর্থ আগুয়েরো, গোলরক্ষক এমি, দলের কর্মকর্তাসহ সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন মেসি। গ্যালারির সামনে গিয়ে সতীর্থদের সঙ্গে লাফিয়েছেন। আর্জেন্টাইন ফুটবলাররা অধিনায়ককে শূন্যে তুলে উত্সব করেছেন। সাবেক বার্সেলোনা সতীর্থ নেইমার এগিয়ে আসতেই বুকে জড়িয়ে নিলেন। পরে সাজঘরেও নেইমারকে নিয়ে আড্ডায় মেতেছিলেন তিনি।

পুরস্কার বিতরণীতে টুর্নামেন্টের আয়োজক কনমেবল সংস্থার সভাপতি ট্রফি তুলে দেন মেসির হাতে। মঞ্চের কাছে যাওয়ার আগে ট্রফিকে দোল খাওয়ালেন, সতীর্থদের যেন বলছেন, ‘দেখো, দেখো, কী এনেছি’। ট্রফি বুভুক্ষ মেসির অন্তরকে পড়তে সমস্যা হয়নি সমর্থকদের। গতকাল ফাইনালের পর খণ্ড খণ্ড চিত্রে স্পষ্ট হয়েছে কতটা পূর্ণতায় ভরে উঠেছে এ ফুটবলারের জীবন। শেষ দিকে মুঠোফোনে ভিডিও কলে স্ত্রী আন্তোনেলা রকুজ্জোকেও পদক দেখিয়ে কথা বলেছেন। মারাকানার মাঠ থেকে সাত বছর আগে বিশ্বকাপ হেরেছিলেন। গতকাল সেই মাঠেই শিরোপার উত্সব করেছেন তিনি। তিন বার কোপার ফাইনাল হেরেছেন; ২০০৭, ২০১৫, ২০১৬ সালে। ২০১৪ বিশ্বকাপ ফাইনালেও হার, দগদগে সব ক্ষতে প্রলেপ পড়ল গতকাল। হূদয় ভাঙার অনেক গল্প পেরিয়ে এবার ট্রফির আবেশে ডুবলেন মেসি।