স্পোর্টস রিপোর্টার
উইম্বলডন টেনিসে নারী ফাইনালে অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি ফাইনালে ৬-৩, ৬-৭ (৪), ৬-৩ সেটে হারালেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাকে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় মহিলা খেলোয়াড় হিসেবে উইম্বলডন সেরা হলেন বার্টি। এর আগে ১৯৮০ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন ইভোনে গোলাগং। অ্যাশলি বার্টি জীবনের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। এর আগে তিনি ২০১৯ সালে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন। জীবনের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে প্লিসকোভাকে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো। এর আগে তিনি ২০১৬ ইউএস ওপেনে রানার্সআপ হয়েছিলেন। সেবার ফাইনালে অ্যাঞ্জেলিক কেরবারের কাছে হারতে হয়েছিল তাকে। শনিবার ফাইনালে প্রথম সেট ২৮ মিনিটেই জিতে নেন বার্টি। প্রথম ১২ পয়েন্ট পকেটে পুরে নিয়ে তিনি প্রথম সেট জয় নিশ্চিত করেন। দ্বিতীয় সেট প্লিসকোভা জিতে নিলেও তৃতীয় সেট অনায়াসেই দখলে রাখেন অ্যাশলি। ক্রিকেটার থেকে টেনিসে তার চমকপ্রদ উত্থান। একসময় ব্রিসবেন হিটের হয়ে মহিলাদের বিগ ব্যাশ লিগে খেলেছেন অ্যাশলি।