‘কিছু মানুষের জন্য গোটা দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে না’

মশার কোন বর্ডার বা সীমানা নেই, তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও বেশি সচেতন হওয়ার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। দুই/একজন মানুষের দায়িত্বহীনতার কারণে শহর বা গোটা দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না বলেও জানান তিনি।

আজ সোমবার ( ১২ জুলাই) স্থানীয় সরকার বিভাগের আয়োজনে সারাদেশে মশা বাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন ও অন্যান্য সংস্থার কার্যক্রম পর্যালোচনার আন্তঃমন্ত্রণালয় অনলাইন সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান। 

এলজিআরডিমন্ত্রী মনে করেন, উত্তর সিটি করপোরেশনে মশা মারলে দক্ষিণ সিটিতে হবে না অথবা দক্ষিণে মারলে উত্তর হবে না এমনটি ভাবা উচিত নয়। প্রতিষ্ঠান বা বাড়ি ঘর যারই হোক, আমি-আপনি যেই হই না কেন আমরা সবাই এই শহর ও দেশের মানুষ। মশা নিধনে সবাইকে অর্পিত নাগরিক দায়িত্ব পালন করতে হবে। সমন্বিত উদ্যোগে কাজ না করলে সুফল আসবে না। 

                

জেল-জরিমানা করার পরও ঐসব বাসা-বাড়ি অথবা ভবনে পুনরায় মশার লার্ভা পাওয়ার খবর পাওয়া যাচ্ছে এমন তথ্য জানিয়ে মো. তাজুল ইসলাম বলেন, ইচ্ছাকৃতভাবে মশার প্রজননস্থল ধ্বংস না করা গুরুতর অপরাধ। আর এই অপরাধের সাথে কেউ সম্পৃক্ত হলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। 

ইত্তেফাক/এসআই