পঞ্চম শ্রেণির বাড়ির কাজ:গণিত

হিমন এডওয়ার্ড গমেজ

সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ ঢাকা

          

জ্যামিতি

 

১. সামান্তরিকের বিপরীত বাহুগুলোর লম্ব দূরত্ব কোন প্রকারের?

উত্তর:সামান্তরিকের বিপরীত বাহুগুলোর লম্ব দূরত্ব সমান।

২. সামান্তরিকের বিপরীত বাহুগলো কেমন?

উত্তর:সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।

৩. সামান্তরিকের বিপরীত কোণগুলো কেমন?

উত্তর:সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান।

৪. সামান্তরিকের দুইটি কর্ণ পরস্পরকে ছেদ করল, খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত?

উত্তর:কর্ণের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কর্ণটির অর্ধেক।

৫. রম্বস কোন ধরনের চতুর্ভুজ?

উত্তর:রম্বস এক প্রকার সামান্তরিক।

৬. রম্বসের দুইটি কর্ণ পরস্পরকে কীরূপে ছেদ করে?

উত্তর:রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।

৭. রম্বসের বৈশিষ্ট্য লেখ।

উত্তর:রম্বসের প্রত্যেকটি বাহু সমান, কোনো কোণই এক সমকোণ নয় এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান।

৮. আয়ত কোন প্রকার চতুর্ভুজ?

উত্তর:আয়ত এক প্রকার সামান্তরিক।

৯. আয়তের বৈশিষ্ট্য লেখ।

উত্তর:আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান। কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।

১০. বর্গের বৈশিষ্ট্য লেখ।

উত্তর:বর্গের বাহুগুলো সমান এবং প্রত্যেক কোণ সমকোণ, কর্ণদ্বয় সমান এবং এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।

১১. বৃত্ত কাকে বলে?

উত্তর:বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা, যার প্রত্যেক বিন্দু ভেতরের একটি বিন্দু থেকে সমান দূরে।         

১২. বৃত্তের কেন্দ্র কাকে বলে?

উত্তর:কেন্দ্র হলো বৃত্তের ভেতরে এমন একটি বিন্দু, যা থেকে বৃত্তের পরিধির প্রত্যেক বিন্দুর দূরত্ব সমান।

১৩. বৃত্তের জ্যা কী?

উত্তর:বৃত্তের যেকোনো দুইটি বিন্দুর সংযোজন রেখাংশ হলো বৃত্তের একটি জ্যা।

১৪. বৃত্তচাপ কাকে বলে?

উত্তর:জ্যা দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেক অংশকে চাপ বলে।

১৫. ব্যাস কাকে বলে?

উত্তর:ব্যাস বৃত্তের কেন্দ্রগামী জ্যা। বৃত্তের প্রত্যেক ব্যাস বৃত্তকে দুইটি অর্ধবৃত্তে বিভক্ত করে।

১৬. ব্যাস ও ব্যাসার্ধের সম্পর্ক লেখ।

উত্তর:ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ এবং ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক।