উপকরণ :খাসির মাংস ১,২০০ গ্রাম, বাসমতি চাল ১/২ কেজি, আলু ছোট ৪টি, বিরিয়ানি মসলা ১ টেবিল চামচ, ঘি ২৫০ গ্রাম, লবণ ১ চা চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, দারুচিনি ২ টুকরো, এলাচ ৪ টুকরো, তেজপাতা ১টি, আদা বাটা দেড় টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, শাহী জিরা ১/২ চা চামচ, টক দই ২ টেবিল চামচ , বাদাম বাটা ২ টেবিল চামচ, টমেটো সস দেড় টেবিল চামচ, কাঁচা পেপে বাটা ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া দেড় চা চামচ, জাফরানে ভজানো তরল দুধ দেড় কাপ, চিনি ১ চা চামচ, কাঁচা মরিচ ৮-১০টি, আলু বোখারা ৭-৮টি, কেউড়া জল ১ চা চামচ, কিসমিস ১ টেবিল চামচ, মাওয়া ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, তেল ১/৩ কাপ, বাদাম কুঁচি ২ টেবিল চামচ, ফুড কালার সামান্য। আটা ১/২ কেজি (পাতিলের মুখ আটকানোর জন্য)।
প্রণালি :এক কেজি মাংস ৭-৮ টুকরা করে কেটে ধুয়ে মাংসের সমান পানি ও ২ টেবিল চামচ লবণ দিয়ে ভিজিয়ে রাখুন এক ঘণ্টা। এতে করে মাংসের গন্ধ দূর হয়ে যাবে। প্যানে তেল দিয়ে বেরেস্তা তৈরি করে তুলে ১ চা চামচ চিনি দিয়ে ভেঙে রাখুন। বাকি তেলে আলু, সামান্য রং ও লবণ দিয়ে ভেজে নিন। ভেজানো মাংস ছাঁকনিতে নিয়ে পানি ঝরান। একটুও যেন পানি না থাকে। এবার মাংস, দই, মরিচগুঁড়া, আদা-রসুন বাটা, বিরিয়ানি মসলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, গুঁড়া দুধ, লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, বাদাম বাটা, কেওড়াজল, পেঁপে বাটা ও টমেটো সস দিয়ে মেরিনেট করে রাখতে হবে ১ ঘণ্টা। চালগুলো ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। একটি হাঁড়িতে চালের থেকে ৪ গুণ পানি ফুটিয়ে ভেজানো চালগুলোতে তেল ও লবণ দিন। সঙ্গে শাহি জিরা এলাচি ও দারুচিনি কাপড়ে বেঁধে দিন। চালের ২ ভাগ ফুটে যখন ১ ভাগ বাকি থাকবে, তখন চাল ছেঁকে নিতে হবে। যে পাত্রে বিরিয়ানি বসানো হবে, সেই পাত্রে প্রথমে মাখানো মাংস দিন। তার উপর ভাজা আলু ও আলুর তেলগুলো দিন। বেরেস্তা, মাওয়া ছিটিয়ে দিন। এর উপর কিছু কাঁচা মরিচ, কিসমিস ও বাদাম কুঁচি ছড়িয়ে দিন। মাংসের ওপর আধা সিদ্ধ চালগুলো বিছিয়ে দিন। চালের ওপর বাকি ঘি, তরল দুধ, বেরেস্তা, কাঁচা মরিচ, আলুবোখারা ছড়িয়ে দিন। চালের মধ্যে ২-৩ জায়গায় খাবার রং দিন। আটা গুলিয়ে পাতিলের ঢাকনার চারপাশে ভালো করে সিল করে দিন। চুলায় তাওয়া বসিয়ে তার ওপর পাতিল বসান। প্রথমে ১০ মিনিট মাঝারি জ্বালে, তারপর অল্প আঁচে ১ ঘণ্টা দমে রাখুন। আরও ১৫ মিনিট পর ঢাকনা খুলে কাচ্চি বিরিয়ানি পরিবেশন করুন।