আজ থেকে যাত্রা করলো বাংলাদেশের অন্যতম বৃহৎ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। দেশি প্ল্যাটফর্মে বিশ্বমানের বিনোদনের আভাস নিয়ে এলো তারা। সিনেমা, সিরিজ, শো, তথ্যচিত্রসহ বৈচিত্রে ভরা প্রায় ২০০ কনটেন্ট দেখা যাচ্ছে প্ল্যাটফর্মটিতে।
করোনা মহামারির প্রকোপে যখন দেশের চলচ্চিত্র শিল্প নাকাল, বন্ধ প্রেক্ষাগৃহের দ্বার, ঠিক তখনই বিশ্বজুড়ে বেড়ে যায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের কদর। বাংলাদেশেও জনপ্রিয় হতে থাকে দেশি-বিদেশি প্ল্যাটফর্ম ও কনটেন্টগুলো, ডালপালা ছড়িয়ে বাড়তে থাকে দেশের কনটেন্ট ইন্ডাস্ট্রি। আর এই বিস্তৃতির সহযাত্রী হতে চলে এলো চরকি। ঢাকাকে বাংলা কনটেন্টের রাজধানী হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার প্রত্যয় তাদের। তাই তো কোনো প্রতিবন্ধকতাই আমলে নেয়নি তারা। মহামারির ছোবলে দেশজুড়ে চলমান লকডাউন দমাতে পারেনি চরকির গতি।
চরকিকে ঘিরে বাংলা চলচ্চিত্র ও নাটকের দর্শকদের আগ্রহের কমতি নেই। চলতি বছরের শুরুতে চরকি জানিয়েছিল তাদের একটি প্রতিশ্রুতির কথা। বলা হয়েছিল, ১২ মাসে ১২টি সিনেমা মুক্তি দেবে তারা। সেই থেকে শুরু হয় দর্শকদের অপেক্ষা। চরকির সামাজিক যোগাযগমাধ্যমের পাতাগুলো ভরে যেতে থাকলো দর্শকের বার্তা ও শুভকামনায়। অনেক দর্শক চরকির যাত্রা শুরুর সময়ক্ষেপন নিয়ে মন খারাপও করতো। কিন্তু চরকির সঙ্গ ছাড়তো না তারা। তাই চরকিও তার প্রতিশ্রুতি থেকে সরে যায়নি। ফিল্ম… ফান… ফূর্তির পসরা সাজিয়ে তারা দর্শকের সামনে হাজির।
বৈচিত্র্যময় কনটেন্টের ঝলক দেখিয়ে চরকি নিয়ে আলোচনা শুরু হয় নেটিজেনদের মধ্যে। তারকাবহুল প্রযোজনা, গুণী নির্মাতার সম্মিলন, আন্তর্জাতিকমানের নির্মাণ আর টান টান উত্তেজনায় ভরা দেশি গল্পের অনন্য মিশেল থাকবে প্ল্যাটফর্মটির প্রতিটি সৃষ্টিতে, তা শুরুতেই আঁচ করে নেয় দর্শক। এরপর একে আসতে থাকে চরকির সব অভিনব আর নান্দনিক কনটেন্টের খবর। আর এসব নিয়ে দিন কয়েক পরপরই হইহই রইরই পড়ে যেত ফেসবুক, ইউটিউবের মতো যোগাযোগমাধ্যমগুলোয়। সিরিজ-সিনেমা রিলিজের আগেই ফেসবুকে ছড়িয়ে পড়তে শুরু করে চরকির কনটেন্টগুলোর পোস্টার, ট্রেলার আর ট্রেলারের রিভিউ। বিভিন্ন শ্রেণী-পেশার দর্শকের মধ্যে বাড়তে থাকে কৌতুহল, আগ্রহের পারদ উঠতে থাকে উঁচু থেকেও উঁচুতে।
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা ও নির্মাতা রেদওয়ান রনি তার আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, ‘অপেক্ষার পালা শেষ! আজ থেকে শুরু হচ্ছে ফিল্ম ফান আর ফুর্তি নিয়ে চরকির এই পথচলা। বাংলাদেশে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম কিছু কিছু নিজের গতিতে চলছে। তবে এখনো অনেক বড় করে স্বপ্ন দেখার সুযোগ আছে। আমরা চরকি দিয়ে সেই বড় স্বপ্নের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। কারণ ভিডিও স্ট্রিমিং এই একটি মাধ্যম দিয়ে আমরা বাংলা কন্টেন্টকে পৃথিবীময় ছড়িয়ে দিতে পারি । সম্ভাবনাময় সব নির্মাতা, শিল্পী, কলাকুশলি মিলে বাংলা কনটেন্ট বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে–ই নির্মাণ করেন না কেন, কিংবা যে কোনো বাংলা ভাষাভাষি বিশ্বের যে প্রান্ত থেকে কনটেন্ট দেখেন না কেন— সবারই মিলনক্ষেত্র হবে চরকি। এই প্রত্যাশা নিয়ে আমরা বড় স্বপ্নটি দেখছি, পৃথিবীর সামনে বাংলা কনটেন্টটের রাজধানী হিসেবে চরকিকে প্রতিষ্ঠিত করার । আমরা খুব বিনীতভাবে যাত্রা শুরু করেছি। চেষ্টা করব, খুব অল্প সময়ের মধ্যে আপনাদের প্রত্যাশার সবটা স্পর্শ করার।
চরকি কিভাবে দেখা যাবে?
ওয়েব থেকে www.chorki.com ভিজিট করুন অথবা গুগুল প্লেস্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে Chorki অ্যাপটি ইন্স্টল করে নিন। ব্যস! চরকির ফিল্ম, ফান আর ফুর্তির দুনিয়ায় হারিয়ে যাওয়ার জন্য আপনি তৈরি। এবার আপনি বিনামূল্যে দেখতে পারবেন ‘ফ্রি কনটেন্ট’। প্রিমিয়াম কনটেন্ট দেখার জন্য ৬ মাস ও এক বছরের প্যাকেজ সাবস্ক্রাইব করতে হবে। চরকিতে আছে তিনটি সাবস্ক্রিপশন প্ল্যান।
১) ৫০ টাকায় ৩০ দিনের স্টার্টার সাবস্ক্রিপশন
২) ২৯৯ টাকায় ৬ মাসের সাবস্ক্রিপশন
৩) ৪৯৯ টাকায় ১ বছরের সাবস্ক্রিপশন
৪) ৭৯৯ টাকায় ১ বছরের সাবস্ক্রিপশন (২টি ডিভাইসে একসাথে ভিডিও স্ট্রিম করা যাবে)
সাবস্ক্রিপশন কেনার জন্য আপনি বিকাশ, নগদ, রকেটসহ অন্যান্য প্রচলিত মোবাইল পেমেন্ট ব্যবস্থা ব্যবহার করতে পারবেন। এছাড়াও ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের ভেতর ও বাইরে থেকে পেমেন্ট করা যাবে। এভাবেই চরকি দেখতে পারবে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা দর্শক।
চরকিতে কনটেন্ট দেখতে অথবা পেমেন্টে কোনো সমস্যা হলে কোথায় যোগাযোগ করব?
চরকি সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে ইমেইল করুন support@chorki.com এই ঠিকানায়। এছাড়াও চরকি ওয়েবসাইটে ‘লাইভ চ্যাটের’ মাধ্যমেও জানাতে পারেন আপনার প্রশ্ন ও সমস্যার কথা। এছাড়া চরকির ভেরিফাইড ফেসবুক পেজের (https://www.facebook.com/ChorkiOfficial) মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারেন ।
ইত্তেফাক/বিএএফ