বিনোদন রিপোর্ট
দীর্ঘ ক্যারিয়ারের একের পর এক দারুণ সব গল্পে কাজ করে দর্শকপ্রিয়তা ধরে রেখেছেন অভিনেতা মীর সাব্বির। নিয়মিত কাজের পাশাপাশি প্রতি ঈদ বা বিভিন্ন উত্সবে একাধিক কাজ নিয়ে হাজির হন দর্শকদের সামনে। এবারের ঈদেও এর ব্যতিক্রম হচ্ছে না। আসন্ন ঈদেও বেশকিছু নাটকে দেখা যাবে তাকে। সেই তালিকায় রয়েছে ‘গ্যাংস্টার গণি ভাই’ শিরোনামের একটি নাটক। নাটকটিকে নিজেকে ভিন্ন এক চরিত্রে অভিনয় করেছেন তিনি। হাজারো চেষ্টা করে সোনার হরিণ চাকরি না পেয়ে এক যুবকের গ্যাংস্টার হয়ে ওঠার গল্পকেই রূপায়ণ করেছেন তিনি। নাটকটির গল্পে দেখা যাবে, ঢাকায় এসে চাকরি না পেয়ে গণি ভাই হয়ে গেছে গ্যাংস্টার। তার নামে কাঁপে এখন পুরো শহর। চাঁদাবাজি হোক কি কিডন্যাপ, কী করে না গণি ভাইয়ের গ্যাং! গণি ভাইয়ের গ্যাংয়ের সক্রিয় সদস্য ডানহাত রোমিও, বামহাত মজনু আর অজুহাত হীরামন। অজুহাতের মন পেতে তুমুল দুশ্চিন্তা ডান আর বামের! আর ওদিকে দুশ্চিন্তা গণি ভাইয়ের অন্য আরেক রকম-গ্রামে থাকা তার বউ আর মেয়ে যদি জেনে যায় তার গ্যাংস্টার হয়ে যাওয়ার কথা? যদি কোনোদিন ধরা পড়ে যায় সে?
নতুন এই নাটকটি প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘আসলে করোনার কারণে তো অনেক শঙ্কা আর সাবধানতা অবলম্বন করে গত কয়েক ঈদে কাজ করতে হচ্ছে। তাই কাজ কম করা হলেও ভালো গল্পে ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরার ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করছি। এই নাটকটিও আমাদের চারপাশের একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে। আশা করছি ঈদে অন্যরকম আনন্দের রসদ জোগাবে নাটকটি।’
দীপ্ত টেলিভিশনের ৭ পর্বের এই ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক এবং সংলাপ লিখেছেন কলিন রড্রিক। মোস্তফা মনন ও ফিরোজ কবির ডলার পরিচালিত ধারাবাহিকটিতে মীর সাব্বির ছাড়া আরো অভিনয় করেছেন, তানজিকা আমিন, সুজাত শিমুল, তানভীর, মাসুদ, রোদেলা মির্জা, আনন্দ খালেদ, শিশু শিল্পী মৌমিতাসহ অনেকে। নাটকটি ঈদের ৭ দিন বিকেল ৫টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হবে।