ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ত্রিশালে অবিস্থত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের কোভিড-১৯-এর টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা পাবেন সাড়ে ৩ হাজার শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগে তালিকাভুক্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। সারা দেশে অবস্থানকারী শিক্ষার্থীরা তাদের নিজ নিজ এলাকার নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন। বাকি শিক্ষার্থীরা কবে নাগাদ টিকা পাবেন জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির জানান, সরকার আবার নতুন তথ্য চাইলে জানানো হবে। এখন আবাসিক-অনাবাসিক মিলিয়ে সাড়ে ৩ হাজার শিক্ষার্থী টিকার জন্য তথ্য দিতে পারবে। কিছুদিন আগে প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ বিভাগে তথ্য দিতে বলা হয়েছিল। সে সময় বিভাগগুলো ও শিক্ষার্থীরা নিজেদের গাফিলতির কারণে এখন বঞ্চিত হচ্ছেন। এখন যেহেতু টিকা আসতে শুরু করেছে সেহেতু সংকট হবে না। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।