কচুয়ায় অবাধে ধরা হচ্ছে ডিমওয়ালা মাছ

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়ার খাল-বিল এখন বর্ষার পানিতে ভরপুর। বর্ষার পানি আসার সঙ্গে সঙ্গে দেশীয় প্রজাতির ডিম ওয়ালা মাছ কৈ, পুটি, শৈল, শিং, মাগুর, টেংরা, টাকি ইত্যাদির মা ও পোনা ধরার উত্সবে মেতে উঠেছে জেলে ও সাধারণ মানুষ। নিষিদ্ধ ভেল জাল, কারেন্ট জাল, বাধাই জালসহ নানান উপকরণ দিয়ে অবাধে চলছে মা ও পোনা মাছ ধরা। এসব দেশীয় প্রজাতির ধরা মাছগুলো প্রকাশ্যে হাটবাজারে বিক্রি হচ্ছে।  উপজেলার পাথৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল ও উত্তর কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর জানান, কচুয়া পৌরবাজারসহ বিভিন্ন হাটবাজারে গ্রাম থেকে নানান প্রজাতির (দেশীয়) মা ও পোনা মাছ ধরে নিয়ে বিক্রির জন্য আনা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে এক সময় অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবে। কচুয়া উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. মাসুদুল হাসান বলেন, মা-মাছ ও পোনা-মাছ নিধন সম্পূর্ণ বেআইনি। ভেল জালসহ বিভিন্ন উপকরণ দিয়ে মা ও পোনা নিধন করা হচ্ছে বলে খবর পাচ্ছি। লকডাউন উঠে গেলে মাছ নিধন রোধে অভিযান পরিচালনা করব।