স্টাফ রিপোর্টার, রংপুর
যুক্তরাষ্ট্রের উত্পাদিত করোনার টিকা মর্ডানার ১২ হাজার ডোজ বিভাগীয় নগরী রংপুরে পৌঁছেছে। আজ মঙ্গলবার নগরীর চারটি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম শুরু হবে। সোমবার এ তথ্য জানিয়েছেন রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়। এর আগে রবিবার রাতে সিনোফার্ম এবং মডার্নার মোট ৫২ হাজার ডোজ টিকা রংপুরে পৌঁছে। সিভিল সার্জন বলেন, সিনোফার্মের ৪০ হাজার ডোজ ও মডার্নার ১২ হাজার ডোজ টিকা রংপুরে এসে পৌঁছেছে। মঙ্গলবার থেকে শুধুমাত্র সিটি করপোরেশন এলাকার আওতায় থাকা সাধারণ মানুষকে আগামী এক মাসের মধ্যে এই টিকার আওতায় আনা হবে। এক্ষেত্রে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনাকার টিকার জন্য আবেদন করেছিল তাদেরকে আগে দেওয়া হবে। আর চীনের তৈরি সিনোফার্ম দেওয়া হবে জেলার সাতটি উপজেলায়। প্রথম ও দ্বিতীয় ডোজে ৪০ হাজার টিকা ব্যবহার করা হবে বলে জানান তিনি। সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় আরো বলেন, মডার্নার টিকা সিটি করপোরেশন এলাকার চারটি কেন্দ্রে এবং সিনোফার্মের টিকা সাতটি উপজেলার ১৪টি কেন্দ্রে দেওয়া হবে। প্রয়োজনে কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে।