কোটালীপাড়ায় সাত প্রতিষ্ঠানকে জরিমানা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

কোটালীপাড়া উপজেলায় লকডাউনে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অপরাধে সাত প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলা সদর, মহুয়ার মোড়, সিকির বাজার ও ঘাঘর বাজারসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ সরকারি নির্দেশনা না মানার অপরাধে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩৪ হাজার ৬০০ টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, যারা সরকারি নির্দেশনা না মেনে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও যদি কোনো ব্যক্তি মাস্ক না পরে বা বিনা প্রয়োজনে ঘর থেকে বাহিরে আসে তাহলে তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।