সেনাবাহিনীর ত্রাণ পেল অসহায় মানুষ
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা লোহাগাড়ার বড়হাতিয়ায় সোমবার অসহায় মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ইউনিয়ন পরিষদ মাঠে সেনাবাহিনীর পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থদের এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার ১০ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মুক্তাদির আহমেদ আসিফ, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী প্রমুখ।
ভিকটিম কেন্দ্রিক সেবা-সম্পর্কিত ভার্চুয়াল মিটিং
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহে সোমবার সকালে ভিকটিম কেন্দ্রিক সেবা সম্পর্কিত ভার্চুয়াল মিটিং মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভিকটিমদের মানসিক ট্রমা বুঝে তাদেরকে যথাযথ সেবা প্রদান করার লক্ষ্যে ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান।
অক্সিজেন সিলিন্ডার ব্যবহারবিষয়ক প্রশিক্ষণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে করোনায় আক্রান্তদের সেবার লক্ষ্যে অক্সিজেন সিলিন্ডার ব্যবহারবিধি বিষয়ে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান শফিকুল আলম। সভাপতিত্ব করেন ইউনিটের ইউনিট লেভেল অফিসার খঃ এনায়েতুল্লাহ একরাম পলাশ।
চাটমোহর পৌরসভায় নগদ অর্থ বিতরণ
চাটমোহর (পাবনা) সংবাদদাতা প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে চাটমোহর পৌরসভার দুই শতাধিক দুস্থ ও হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পৌরসভা চত্বরে অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো।
কাহারোল হাসপাতালে করোনার টিকা দেওয়া শুরু
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের সিনোফার্মের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার থেকে টিকাদানের কার্যক্রম চলছে। কাহারোল উপজেলায় প্রাপ্ত ডোজ ২ হাজার ৪০০। বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজম।
তিতাসে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে মুজিববর্ষের উপহার হিসেবে ভূমি ও গৃহহীনদের জন্য নির্মিত ৫২টি পাকা ঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। সোমবার দুপুরে উপজেলার দাসকান্দিতে প্রকল্পের চলমান কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। দুটি ধাপে সরকারি বরাদ্দের আওতায় ৯৪ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে ৫২টি পরিবারের জন্য দুই শতক জমিসহ পাকা ঘর নির্মাণ করা হয়।
বকশীগঞ্জে ত্রাণ বিতরণ
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা বকশীগঞ্জ উপজেলায় ১৩৮ জন পরিবহন শ্রমিকের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বকশীগঞ্জ ভোকেশনাল মাঠে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সে সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা প্রমুখ।