ম্যারাডোনাকে ট্রফি উত্সর্গ
স্পোর্টস রিপোর্টার
ব্যর্থতা-হতাশার দীর্ঘ পর্ব পেরিয়ে ট্রফির দেখা পেয়েছেন সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি। ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। মেসির স্বপ্নপূরণের সঙ্গে আর্জেন্টিনারও ২৮ বছরের ট্রফির খরা কেটে গেছে।
ব্রাজিলের রিও থেকে গত রবিবার সকালেই বুয়েন্স এইরেসে পৌঁছে গেছে মেসির দল। ট্রফি বুভুক্ষ আর্জেন্টাইনরা উষ্ণ অভ্যর্থনায় বরণ করেছে ডি মারিয়া-এমিদের। করোনা ভাইরাসের কারণে দেশটির সরকারের পক্ষ থেকে ছিল না কোনো আনুষ্ঠানিক উদ্যাপন কর্মসূচি। তারপরও চ্যাম্পিয়নদের বরণ করতে রাস্তায় নেমেছিল হাজারো মানুষ।
বিমানবন্দর থেকে ‘চ্যাম্পিয়ন্স অব আমেরিকা ২০২১’, ‘দ্য নাম্বার ১৫’ নামাঙ্কিত বাসে চড়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিসে গিয়েছেন মেসিরা। পুলিশের কড়া পাহারার পরও রাস্তায় দাঁড়িয়ে শিরোপাজয়ীদের বাসকে ঘিরে জড়ো হন ফুটবলপ্রেমীরা। পতাকা, জার্সি, প্ল্যাকার্ড হাজির হন সবাই। এমিলিও নাভারো নামক এক সমর্থক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘খুব সুন্দর, ধন্যবাদ। কারণ মানুষের এটা (ট্রফি) খুব প্রয়োজন ছিল।’
এএফএ অফিসে ছোট আনুষ্ঠানিকতা শেষে দ্রুত যার যার গন্তব্যে চলে যান ফুটবলাররা। তখন অবশ্য সমর্থকদের মিছিল তাদের অনুসরণ করেনি।
বুয়েন্স এইরেস বিমানবন্দরে নামতেই মেসিদের করোনা পরীক্ষা করা হয়েছিল। বিমানবন্দরের কর্মীরা অভ্যর্থনা জানিয়েছেন পুরো দলকে। অধিনায়ক মেসিসহ সবার সঙ্গেই ছবি তুলতে দেখা গেছে বিমানবন্দরের কর্মীদের।
ট্রফির পূর্ণতা নিয়ে ফেরা মেসিকে দেখতেই কোলে উঠে যান স্ত্রী আন্তেনেলা রোকুজ্জো। গভীর ভালোবাসায় স্ত্রীকে জড়িয়ে ধরেন খুদে ফুটবল জাদুকর। স্ত্রীকে চুম্বন, আলিঙ্গনের পর্ব শেষে পরিবারসহ নিজ শহর রোজারিওতে ফিরে যান মেসি।
ফাইনালে একমাত্র গোল করা ডি মারিয়াও পরিবারের কাছে ফিরে গেছেন। এলাকাবাসীর অভিবাদন পেয়েছেন তিনি। এক ভিডিও তে দেখা গেছে, দুই কন্যা ও স্ত্রী বরণ করছেন ডি মারিয়াকে।
কোপা আমেরিকা জয়ের পর ইনস্টাগ্রামে এক ভিডিওতে ব্যর্থতার সময়ে তার ও আর্জেন্টিনার পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। প্রয়াত কিংবদন্তি ম্যারাডোনাকে উত্সর্গ করেছেন শিরোপা। অন্ততলোকে পাড়ি জমানো দিয়েগো ম্যারাডোনাকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
মেসি বলেছেন, ‘আমার পরিবার যারা আমাকে এগিয়ে যাওয়ার শক্তি যুগিয়েছে, আমার বন্ধুরা, যাদের আমি অনেক ভালোবাসি, ঐ সব মানুষ যারা কঠিন এই ভাইরাসের সময়ে সমর্থন দিয়েছে, বিশেষ করে আর্জেন্টিনার সাড়ে চার কোটি মানুষ, সবাইকে আমি এই সাফল্য উত্সর্গ করতে চাই। এটা আপনাদের সবার জন্য এবং অবশ্যই দিয়েগোকে (ম্যারাডোনা) ধন্যবাদ, যিনি আমাদের সমর্থন করেছেন, যেখানেই থাকুন না কেন।’ চ্যাম্পিয়ন হওয়া দলটার নেতৃত্ব দিয়ে গর্বিত মেসি। কারণ দলের সবাই শিরোপা জিততে সর্বোচ্চটা নিংড়ে দিয়েছে।