বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, করোনার ভয়াবহ অভিঘাতের মধ্যেও দেশের একটি মানুষও না খেয়ে মারা যায়নি। গতকাল ঢাকার শ্যামপুরে দুস্থ ও করোনায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃৃতায় এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মো. আজাহার এ অনুষ্ঠানের আয়োজন করেন।
কৃষিমন্ত্রী বলেন, করোনার মহামারির অভিঘাতে সারা পৃথিবী মহাসংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। বাংলাদেশে এই সংকট মোকাবিলা করার জন্য সংক্রমণের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি একদিকে যেমন খাদ্য উত্পাদন বৃদ্ধিতে জোর দিয়েছেন তেমনি অন্যদিকে ব্যাপক ত্রাণ ও খাদ্যসহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। ফলে গত দেড় বছরে করোনার অভিঘাতের মধ্যেও একটি মানুষও না খেয়ে মারা যায়নি। দেশে বর্তমানে খাদ্য ঘাটতি নেই। খাদ্য নিয়ে কোনো হাহাকার নেই। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।