ইত্তেফাক রিপোর্ট
কবি মুহম্মদ নূরুল হুদা হলেন বাংলা একাডেমির মহাপরিচালক। আগামী তিন বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করে। কবি মুহম্মদ নূরুল হুদা সত্তর দশকের বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি। তিনি জাতিসত্তার কবি হিসেবেও পরিচিত। একই সঙ্গে তিনি এক জন ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচক। তার জন্ম ১৯৪৯ সালে কক্সবাজার জেলায়। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। ১৯৮৮ সালে বাংলা কবিতায় অবদানের জন্য তাকে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১৫ সালে একুশে পদক প্রদান করা হয়। এ ছাড়াও তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি দীর্ঘ দিন বাংলা একাডেমির পরিচালক হিসেবে কর্মরত ছিলেন ।