ইত্তেফাক রিপোর্ট
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৪ হাজার ৮০৬ কোটি ৪৫ লাখ টাকার বাজেট পাশ করা হয়েছে। গতকাল জুম প্ল্যাটফরমে অনুষ্ঠিত ডিএনসিসির দ্বিতীয় পরিষদের সপ্তম করপোরেশন সভায় সর্বসম্মতিক্রমে এই বাজেট পাশ হয়। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। এ সময় মেয়র বলেন, ‘সকলের আন্তরিক প্রচেষ্টায় দখল, দূষণ ও দুষ্টু লোকের কবল থেকে ঢাকাকে মুক্ত করে একটি সুস্থ, সচল ও আধুনিক নগরী গড়ে তুলতে হবে। বাংলাদেশসহ সারা বিশ্ব আজ করোনা মহামারির মধ্যে রয়েছে। তাই করোনা ভাইরাসের বিস্তার রোধে সবাইকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।’
স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় করোনা পরিস্থিতি মোকাবিলা করে জনকল্যাণে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের প্রশংসা করেন। এ ছাড়াও তিনি চলমান এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সর্বাত্মকভাবে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নগরীর প্রত্যেকটি রাস্তার পৃথক আইডি নম্বর ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয়েও আলোকপাত করেন তিনি। সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির বিভাগীয় প্রধান এবং কাউন্সিলররা সংযুক্ত ছিলেন।