চমেক হাসপাতাল

সাধারণ রোগী ভর্তি সীমিত ও রুটিন অস্ত্রোপচার সাময়িক স্থগিতের সিদ্ধান্ত

চট্টগ্রাম অফিস

জরুরি প্রয়োজন ছাড়া অন্য রোগীদের ভর্তি সীমিত রাখা এবং অতি জরুরি অস্ত্রোপচার ছাড়া রুটিন অস্ত্রোপচার সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, কেবল জরুরি অস্ত্রোপচার ছাড়া রুটিন অস্ত্রোপচার আপাতত স্থগিত থাকবে। শুধু জরুরি রোগী ভর্তি করানো হবে। ইতিমধ্যে ভর্তি হওয়া রোগীদের মধ্যে যারা গুরুতর অসুস্থ নন তাদের আপাতত প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে চিকিত্সা গ্রহণের জন্য ছাড়পত্র দেওয়া হবে। সব স্বাস্থ্য কর্মকর্তা, নার্স-কর্মচারী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনের সময় অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। 

চমেক হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম জানান, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে বিদ্যমান জনবল কাঠামোতে থাকা ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মীদেরকেই এসব রোগীদের সেবা দিতে হচ্ছে। তাই সাধারণ রোগীদের মধ্যে অতি গুরুতর রোগী ছাড়া অন্য রোগী ভর্তি সীমিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে জরুরি অস্ত্রোপচার ছাড়া রুটিন অস্ত্রোপচারও আপাতত স্থগিত থাকবে।

পুলিশের ওপর হামলার ঘটনায়

১৫ জন গ্রেফতার

নগরীর চান্দগাঁওয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। চান্দগাঁও থানা পুলিশ গতকাল সোমবার এই তথ্য জানায়। গ্রেফতারকৃতরা হলেন—মো. রবিউল আলম, মো. সুমন ওরফে আনিস, মো. মুছা ওরফে ইয়াবা মুছা, মো. ইয়াছিন, মো. আবদুল খালেক, সৈয়দ আকবর, মো. খোকন, মো. ফারুক, মো. ভুট্টু, মো. ফারুক, মো. রায়হান, মো. বাদশা, মো. বশির, মো. ইমন ও মো. লিমন।