বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে সারা দেশে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সোমবার এক বিজ্ঞপ্তিতে রেলমন্ত্রীর বরাত দিয়ে এই তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেনের টিকিট শুধু অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনো টিকিট দেওয়া হবে না। পরবর্তী সিদ্ধান্ত সরকারি প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী দেওয়া হবে।
এর আগে গত ২৮ জুন থেকে সীমিত পরিসরে লকডাউন শুরু হলে সারা দেশে যাত্রীবাহী ট্রেনের চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন জারি করায় সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে।