কোভিড পরিস্থিতি ঊর্ধ্বমুখীর মধ্যেই জরুরি ভিত্তিতে নাগরিকদের ভোটার করে নিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে শিক্ষার্থী, প্রবাসী, টিকাদানে ইচ্ছুকরা অগ্রাধিকার পাচ্ছেন। সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যেও সপ্তাহে এক দিন করে অফিস খোলা রেখে এ সেবা দিচ্ছে ইসি। রাজধানীতে প্রতি মঙ্গলবার এ সেবা দেওয়া হচ্ছে। এছাড়া রাজধানীর বাইরে একেক থানা বা উপজেলা নির্বাচন অফিস একেক দিন সেবা দেওয়ার জন্য অফিস খোলা রাখা হচ্ছে। গত ৭ জুলাই এক অনলাইন বৈঠকে মাঠ পর্যায়ে এনআইডি সেবা চালু রাখার সিদ্ধান্ত দেয় ইসি। এতে টিকা কার্যক্রম, বিদেশ গমন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম ইত্যাদির জন্য জরুরি ভিত্তিতে সেবা দিতে বলা হয়। সেজন্য কর্মকর্তারা সপ্তাহে এক দিন অফিস খোলা রেখে সশরীরে কার্যক্রম পরিচালনা করছেন।
এ সংক্রান্ত এক নির্দেশনায় বলা হয়েছে—বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রী, মেডিক্যাল ছাত্রছাত্রী এবং প্রবাসী বাংলাদেশি, ভ্যাক্সিনেশন বা জরুরি প্রয়োজনে যাদের ভোটার নিবন্ধন প্রয়োজন, তাদের http:/services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ভোটার নিবন্ধন ফরম-২ পূরণপূর্বক প্রিন্ট করে হার্ড কপিতে আবেদনকারীর স্বাক্ষর, শনাক্তকারীর স্বাক্ষর এবং যাচাইকারী সিলসহ স্বাক্ষর প্রদান করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সশরীরে অফিসে উপস্থিত হয়ে রেজিস্ট্র্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।