করোনা ভাইরাসের টিকা নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ইতিমধ্যে তিনি নিবন্ধন করেছেন। তবে অনলাইন নিবন্ধনের পর এখনো তিনি ফিরতি এসএমএস পাননি। গতকাল সোমবার বিকালে টিকার জন্য খালেদা জিয়ার নিবন্ধন করার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিত্সকদের অন্যতম ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, চেয়ারপারসন টিকার জন্য নিবন্ধন করেছেন। জানা গেছে, গত ৯ জুলাই সুরক্ষা অ্যাপ থেকে টিকার জন্য নিবন্ধন করেন সদ্য করোনা থেকে সেরে ওঠা বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার করোনা শনাক্ত হয় গত ১৪ এপ্রিল। প্রথম দিকে বাসায় চিকিত্সা নিলেও পরে শারীরিক অবস্থা খারাপ হলে ২৭ এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ৯ মে তার করোনা পরীক্ষায় নেগেটিভ আসে। তারপরও শারীরিক সমস্যা থাকায় প্রায় দেড় মাস তাকে হাসপাতালে থাকতে হয়। হাসপাতালে ৫৪ দিন চিকিত্সার পর গত ১৯ জুন রাতে তিনি গুলশানের বাসায় ফেরেন। এভারকেয়ার হাসপাতালের হূদেরাগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে এখনো খালেদা জিয়ার করোনা-পরবর্তী চিকিত্সা চলছে। তার ব্যক্তিগত চিকিত্সকরা জানিয়েছেন, এখন পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি।