মালিবাগে ট্রেনের ধাক্কায় এক জন নিহত

রাজধানীর মালিবাগে মালবাহী ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম সাপজল মিয়া (৪৫)। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে তিনি ট্রেনের ধাক্কায় আহত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিত্সাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। নিহত সাপজলের বাবার নাম কবির হোসেন। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলার ইজাপাড়া গ্রামে। উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী ‘লকডাউনে’ যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নিহত সাপজলের স্ত্রী নারগিস আক্তার বলেন, তারা মগবাজার ওয়ারলেসগেট এলাকায় একটি বস্তিতে থাকেন। তিনি নিজে বাসাবাড়িতে কাজ করেন আর তার স্বামী সাপজল মাটি কাটার কাজ করতেন। গতকাল ভোরে তিনি কাজে বের হন। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) এএসআই আনোয়ার হোসেন জানান, মালিবাগ বাজার থেকে ওয়ারলেস রেলগেটের মধ্যবর্তী স্থানে রেললাইনের পাশে ভোরের দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে মালবাহী ট্রেনের ধাক্কায় আহত হন সাপজল। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।