গাজীপুরে প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুরে একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে মহানগরীর কোনাবাড়ী হরিণাচালা এলাকায় অবস্থিত ইমন প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ নামের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঐ কারখানার মেশিন, কাগজের রোলসহ অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, ভোর ৫টার দিকে ঐ প্যাকেজিং কারখানায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কারখানার মালিক ইসমাইল হোসেন জানান, আগুনে তার কারখানার কাগজের রোল, কার্টন ও মেশিপত্র পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।