কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুই জন। মঙ্গলবার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জেলার দেবীদ্বার উপজেলার চরবাকর ও মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জের অদূরে থোল্লার মোড় এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার চরবাকর এলাকায় অটোরিকশাকে পেছন থেকে মালবাহী ট্রাক চাপা দিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশার পাঁচ যাত্রীর মধ্যে তিন জনের মৃত্যু হয়।
অন্যদিকে দুপুরে একই সড়কের মুরাদনগর উপজেলার থোল্লার মোড়ে রাস্তা পারাপারের সময় নীরব (৮) নামের এক শিশুকে ট্রাক চাপা দেয়। তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিত্সক মৃত ঘোষণা করেন। নীরব থোল্লার মোড় এলাকার অটোচালক সোহেল মিয়ার ছেলে।
ব্রাহ্মণপাড়া উপজেলার মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মৃদুল কান্তি কুরি জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু ও দুই জন আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত দুইটি ট্রাক ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি
উলটে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা অঞ্চলিক সড়কের নয়াগোলা এলাকায় ভটভটি উলটে মো. রাজন (৩০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই বস্তির মৃত সেলিমের ছেলে। নয়াগোলা সাতনইল এলাকায় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেলে যাত্রী রাজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে জেলা হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু রহমান স্থানীয়দের বরাতে জানান, নয়াগোলা সড়কের সাতনইল এলাকায় টিন ও লোহার রড নিয়ে ভটভটিটি আমনুরার দিকে যাবার সময় উলটে গিয়ে যুবকের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।