চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম অফিস

নগরীর একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. সারোয়ার (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সারোয়ার বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল এলাকার মৃত খোরশেদের পুত্র।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া ইত্তেফাককে বলেন, ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত ৮ তলা ভবন থেকে পড়ে যায় সারোয়ার। সেখান  থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।