এসএমই ফাউন্ডেশনের বিতরণকৃত ঋণের ৩৩ ভাগ পেয়েছেন নারী উদ্যোক্তারা

ইত্তেফাক রিপোর্ট

কোভিড-১৯ এর ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই ফাউন্ডেশনের বিতরণকৃত ১০০ কোটি টাকার ৩৩ শতাংশই পেয়েছেন নারী উদ্যোক্তারা। গতকাল মঙ্গলবার প্যাকেজের ঋণ বিতরণ বিষয়ে অনলাইনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। তিনি জানান, ২০২০-২১ অর্থবছরে ১৩টি ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে মাত্র ৪ শতাংশ সুদে দেশের ৫৪ জেলার ১ হাজার ৬৯ জন উদ্যোক্তার মধ্যে প্রায় ১১৬ কোটি টাকা বিতরণ করে এসএমই ফাউন্ডেশন। চলতি অর্থবছরেও এসএমই ফাউন্ডেশনের অনুকূলে আরো ২০০ কোটি টাকা আগামী ডিসেম্বর ২০২১ এর মধ্যে বিতরণের প্রস্তুতি নিতে অংশীদার ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তারের সঞ্চালনায় মতবিনিময় সভায় ২৪টি ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।