মাহমুদউল্লাহর ঘোষণায় সতীর্থরাও অবাক

স্পোর্টস রিপোর্টার

ড্রেসিংরুমেই সবার আগে নিজের ভাবনা শেয়ার করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট থেকে তার অবসরের ঘটনায় চমকে গিয়েছিল পুরো ক্রিকেটাঙ্গন। হুট করে এমন সিদ্ধান্তে যারপরনাই হতাশ বিসিবির ঊর্ধ্বতনরা। টিম মিটিংয়ে তার ঘোষণা সতীর্থদের বিস্ময় উপহার দিয়েছিল। কারণ আগে থেকে এর বিন্দু-বিসর্গও জানতেন না কেউ। টেস্ট জিতে দেশে ফিরে গতকাল অবাক হওয়ার বিষয়টি গোপন করেননি সাদমান ইসলাম। বাঁহাতি এ ওপেনার টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন।

অধিনায়ক মুমিনুল হকের নেতৃত্বে গতকাল জিম্বাবুয়ে থেকে ফিরেছেন পাঁচ ক্রিকেটার। মুমিনুলের সঙ্গে গতকাল সকালে ঢাকায় এসে পৌঁছান সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বি, নাঈম হাসান। নেটে বোলিংয়ের জন্য জিম্বাবুয়েতে রেখে দেওয়া হয়েছে এবাদত হোসেন ও আবু জায়েদ রাহীকে।

বিমানবন্দরে মাহমুদউল্লাহর অবসরের ঘোষণা সম্পর্কে সাদমান গতকাল বলেছেন, ‘আমরা জানতাম না যে রিয়াদ ভাই এমন কিছু বলবেন। উনি বলার পর আমাদের ভালো করার ইচ্ছাটা আরো বেড়ে গিয়েছিল। মনে হয়েছিল যে ওনার জন্য হলেও ম্যাচটা জিততে হবে।’

অগ্রজর সিদ্ধান্ত জানার পর পুরো দল মিলে ম্যাচ জেতার চেষ্টা করেছে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা সাদমান বলেছেন, ‘আমরা তো অবশ্যই জানতাম না এটা ওনার শেষ ম্যাচ। রিয়াদ ভাই হুট করে ড্রেসিংরুমে আমাদের জানিয়েছে। এরপরই সবাই চিন্তা করেছি যে রিয়াদ ভাইয়ের জন্য খেলব। সবার ইচ্ছে ছিল শেষ মুহূর্তটা ওনাকে উত্সর্গ করব। আমরা সেভাবেই করছি।’ যদিও এখনো আনুষ্ঠানিকভাবে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেননি মাহমুদউল্লাহ। দেশে ফেরার পরই ঘোষণা দিতে পারেন তিনি।  জিম্বাবুয়ের মাটিতে প্রথম সেঞ্চুরির ইনিংসে ১১৫ রানে অপরাজিত ছিলেন সাদমান। স্বপ্নপূরণের সঙ্গে দলের জয়ে খুশি এ তরুণ। তিনি বলেছেন, ‘সব ব্যাটসম্যানেরই তো স্বপ্ন থাকে প্রথম ১০০। জিম্বাবুয়েতে সেরাটা দিতে পেরেছি তাই একটা ভালো রেজাল্ট এসেছে। এটা দলের জন্যও ভালো হয়েছে, দল জিতেছে। জয় নিয়ে দেশে ফিরেছি।’