নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই ট্রাস্টির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ইত্তেফাক রিপোর্ট

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি আজিম উদ্দিন আহমেদ ও এম এ কাসেমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে রাষ্ট্রীয় স্বার্থে অভিযোগ দায়ের করেছেন মানবাধিকার কর্মী প্রটেকশন ফর লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উপদেষ্টা ড. সুফী সাগর সামস। গতকাল রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন। ড. সুফী সাগর সামস এই দুই ট্রাস্টির বিরুদ্ধে দ্রুত তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তিনি জানান, ১৯৯২ সালে যাত্রা শুরু করা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টি বোর্ড একটি মানবহিতৈষী, দানশীল, জনহিতকর, অরাজনৈতিক, অলাভজনক ও অবাণিজ্যিক প্রতিষ্ঠান। কিন্তু এই দুই ট্রাস্টি মানবহিতৈষী ও অবাণিজ্যিক প্রতিষ্ঠানটিকে বেআইনিভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপদান করে শত শত কোটি টাকা বাণিজ্য করছেন এবং সেই টাকা উভয়ে যোগসাজশ করে আত্মসাত্ করেছেন। বর্তমানে এ ধারা অব্যাহত রেখেছেন। 

তিনি বলেন, অবৈধভাবে বেশি টাকায় জমি ক্রয়, নিয়মের তোয়াক্কা না করে সিটিং চার্জ হিসেবে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া, বিশ্ববিদ্যালয়ের টাকায় ট্রাস্টিদের জন্য গাড়ি কেনা, ইউজিসির অনুমোদন ছাড়া বিভাগ খুলে অতিরিক্ত ছাত্র ভর্তি করে টাকা হাতিয়ে নেওয়া, বিশ্ববিদ্যালয়ের টাকায় বিদেশ ভ্রমণসহ অনিয়ম হচ্ছে বিশ্ববিদ্যালয়টিতে। তিনি অভিযোগ করেন, এরা মূলত তাদের আশ্রয়-প্রশ্রয়েই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় জঙ্গি তৈরির কারখানায় পরিণত হয়েছে। তিনি এই দুই ট্রাস্টির স্থাবর অস্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব তদন্ত করে দেখার দাবি জানানো হয়।

পাশাপাশি তদন্তের স্বার্থে তদন্ত চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড থেকে তাদের অব্যাহতি প্রদান করে নতুন পরিচালনা পর্ষদ সাজানোর দাবি জানানো হয়। সেই সঙ্গে এ ধরনের প্রতিষ্ঠান কিংবা যে কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে এ ধরনের দুর্নীতিবাজ ও জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা যেন কোনোভাবেই আর জড়াতে না পারে সে দাবি জানানো হয়।