ইত্তেফাক রিপোর্ট
প্রাণ, কোকাকোলা, আকিজ কোম্পানিসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের কোমল পানীয় তৈরি ও বাজারজাত করার অপরাধে কামরাঙ্গীরচর থেকে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরা হলো—মিরাজ হোসেন ও আল আমিন। গত সোমবার কামরাঙ্গীরচরের পশ্চিম মোমিনবাগ রোডের ৩৩ নম্বর বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় প্রায় ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ কোমল পানীয় ও তা তৈরির কেমিক্যাল এবং বিভিন্ন কোম্পানির নকল লেবেল জব্দ করা হয়েছে।
গতকাল মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। সিআইডির এএসপি (ঢাকা মেট্রো-পশ্চিম) রতন কৃষ্ণ বলেন, মোমিনবাগের ঐ বাড়ির প্রথম ও দ্বিতীয় তলার কক্ষে বসে বিভিন্ন নামিদামি কোম্পানির পণ্য নকল করে মজুত ও বিক্রি করছে একটি চক্র, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা প্রাণ কোম্পানির নামে নকল কোমল পানীয় রোবো আইস ললি, কোকাকোলা কোম্পানির নামে নকল কোমল পানীয় কোকাকোলা আইস ললি, আকিজ কোম্পানির নামে নকল স্পিড আইস ললিতে নিম্ন মানের অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার করে তাদের নিজেদের প্রতিষ্ঠানে প্রস্তুত করে চকবাজারের বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছিল।