ইত্তেফাক রিপোর্ট
করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধকালে কাঁটাবন মার্কেটের জীবন্ত শোভাবর্ধক মাছ ও পশু-পাখির জীবন রক্ষার উদ্যোগ নিয়েছে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। চলমান বিধিনিষেধের মধ্যে মার্কেটের দোকানগুলো প্রতিদিন সকাল ও সন্ধ্যায় অন্তত দুই ঘণ্টা করে খোলা রাখার ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠি দিয়েছে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। কাঁটাবন মার্কেটের অ্যাকুয়া ও পেটস অ্যাসোসিয়েশন এ বিষয়ে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে গত ১২ জুন তিনি তাত্ক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।
জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, করোনা ভাইরাসের বিস্তার রোধে চলমান বিধিনিষেধকালে কাঁটাবন মার্কেটের পশু-পাখি ও মাছের দোকানগুলো সংকটে পড়েছে। দোকানগুলোতে বিদ্যমান জীবন্ত শোভাবর্ধক মাছ ও পশু-পাখিকে বাঁচিয়ে রাখার জন্য নিয়মিত খাদ্য, পানি ও রোগ প্রতিরোধক টিকা ও ওষুধ সরবরাহ করতে হয়। পাশাপাশি পরিচর্যা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করাও আবশ্যক। কিন্তু বিধিনিষেধের মধ্যে এসব কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় পশু-পাখি ও মাছ মারা যাচ্ছে। এ অবস্থায় মাছ ও পশু-পাখির জীবন বাঁচাতে কাঁটাবন মার্কেটের সংশ্লিষ্ট দোকানগুলো দিনের নির্দিষ্ট সময় খোলা রাখার ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে মত্স্য ও প্রাণিসম্পদ শ ম রেজাউল করিম বলেন, ‘কাঁটাবন মার্কেটের বিভিন্ন পোষা প্রাণী ও শোভাবর্ধক মাছের জীবন রক্ষার্থে চলমান বিধিনিষেধের মধ্যে দোকানগুলো প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ের জন্য খোলা রাখার উদ্যোগ নিয়েছি।