বিধিনিষেধ উপেক্ষা করে শিমুলিয়া ঘাটে গাড়ি ও যাত্রীর চাপ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

করোনা মোকাবিলায় লকডাউনের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রী ও যানবাহনের ভিড় দেখা গেছে। সকাল থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে শতশত যাত্রী ও যানবাহন শিমুলিয়া ঘাট এলাকায় আসতে দেখা যায়। এ সময় অনেকের মুখেই মাস্ক দেখা যায়নি। শারীরিক দূরত্বসহ অন্য স্বাস্থ্যবিধিরও নেই বালাই। রিকশাভ্যান, মোটরসাইকেল, পিকআপভ্যান, অটোরিকশা, মাইক্রোবাসযোগে এমনকি যে যেভাবে পারছে ঘাটে এসে নদী পারাপারের জন্য ফেরিতে হুমড়ি খেয়ে পড়ছে বিভিন্ন বয়সের নারী-পুরুষ যাত্রী। ঈদ যতই ঘনিয়ে আসছে ঘাটের চিত্র দ্রুত পালটে যাচ্ছে। আজ থেকে এ চাপ আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গতকাল বিআইডব্লিউটিসি  শিমুলিয়া ঘাটের ম্যানেজার আহম্মদ আলী জানান, সকাল থেকে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে            ছোট-বড় শতাধিক যানবাহন। এ সব যানবাহন পারাপারের জন্য  শিমুলিয়া-বাংলাবাজার            নৌ-রুটে ১১টি ফেরি সচল রয়েছে।