প্রথম ধাপের ইউপি নির্বাচন

ভাণ্ডারিয়ায় পাঁচ চেয়ারম্যানসহ সাধারণ ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটোরিয়ামে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচিত পাঁচ চেয়ারম্যান, ৪৫ জন সাধারণ সদস্য এবং ১৫ জন সংরক্ষিত মহিলা সদস্য শপথ গ্রহণ করেন। প্রথমে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন পাঁচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। এরা হলেন :জাতীয় পার্টি-জেপি মনোনীত ৫ নম্বর ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, ৭ নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, ২ নম্বর নদমুলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মেজবাহ্ উদ্দিন আরিফ জোমাদ্দার এবং আওয়ামী লীগ মনোনীত ১ নম্বর ভিটাবাড়িড়য়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান এনামুল করিম পান্না এবং ৩ নম্বর তেলিখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শামসুউদ্দিন হাওলাদার।  একই কক্ষে পৃথক ভাবে ঐসব ইউনিয়নে নির্বাচিত ৪৫ জন সাধারণ পুরুষ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা ১৫ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর।

শপথ গ্রহণ শেষে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধরের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, নবনির্বাচিত চেয়ারম্যানদের পক্ষে মো. ছিদ্দিকুর রহমান টুলু, সাধারণ সদস্যদের পক্ষে মো. শওকত হোসেন সোহাগ এবং সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে হামিদা বেগম প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ মো. মাসুমুর রহমান বিশ্বাস, জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. আজিজ সিকদার।

পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বক্তব্যের শুরুতেই উপমহাদেশের  প্রখ্যাত সাংবাদিক এই ভাণ্ডারিয়ার কৃতী সন্তান তফাজ্জল হোসেন মানিক মিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ভাণ্ডারিয়া উপজেলায় প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এটা সম্ভব হয়েছে এ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর কারণে। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সবাইকে ঐক্যবদ্ধ রেখে এলাকার মানুষের উন্নয়ন এবং এই ভাণ্ডারিয়াকে একটি আধুনিক উপজেলা বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বারদের উদ্দেশে বলেন, আপনারা স্ব স্ব ইউনিয়নের সব জনমানুষের প্রতিনিধি হিসেবে আন্তরিক ভাবে কাজ করবেন।