ইরাকের একটি করোনা হাসপাতালে আগুন লেগে অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ১২ জন। শতাধিক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। রোগীর স্বজন ও চিকিত্সকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। খবর রয়টার্সের
সোমবার ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ায় আল হুসেইন টিচিং হাসপাতালে আগুনের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। চিকিত্সাব্যবস্থার একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, অক্সিজেন ট্যাংকের বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় স্বাস্থ্যব্যবস্থা কর্তৃপক্ষের মুখপাত্র হায়দার আল জামিলি জানান, কোভিড হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৫২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। ২২ জনকে উদ্ধার করা হয়েছে, যারা আহত। সবাই আগুনে পুড়ে মারা গেছেন বলে মুখপাত্র জানিয়েছেন। তবে ওয়ার্ডের ভেতরে আরো কেউ আটকা পড়ে থাকতে পারেন বলেও তিনি জানান। নতুন ওয়ার্ডটি তিন মাস আগে খোলা হয়, যেখানে ৭০টি বেড ছিল। নিহতদের মধ্যে মেডিক্যাল স্টাফ এবং নিরাপত্তারক্ষীও রয়েছেন।