বঙ্গোপসাগরে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় পদ্মা সেতুর জন্য ১ হাজার ২০০ টন নির্মাণসামগ্রী নিয়ে মাওয়া যাওয়ার পথে একটি লাইটারেজ জাহাজ নিমজ্জিত হয়েছে। জাহাজটি সন্দ্বীপ চ্যানেলে ০৪ ও ০৫ নম্বর পয়েন্টে নিমজ্জিত হয়। জাহাজটির নাম এমভি হ্যাং গ্যাং-১। জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম মেসার্স জেড শিপিং লাইনস। জাহাজের মাস্টারসহ ১৩ জন ক্রু জাহাজটি থেকে নেমে আশপাশের জেলেদের নৌকায় আশ্রয় নেয়। ফলে এ ঘটনায় কারো প্রাণহানি ঘটেনি।
জাহাজের মাস্টার মো. আল আমিন শেখ ইত্তেফাককে বলেন, গতকাল সকালে চট্টগ্রাম বন্দরের একটি জেটিতে অবস্থানরত একটি জাহাজ থেকে পদ্মা সেতুর জন্য আনা প্রায় ১ হাজার ২০০ টন লোহার অ্যাঙ্গেল লাইটারেজ জাহাজ এমভি হ্যাং গ্যাং-১-এ বোঝাই করে। জাহাজটি এসব নির্মাণসামগ্রী নিয়ে ঢাকার মাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। সকাল ১০টা নাগাদ লাইটারেজ জাহাজটি সন্দ্বীপ চ্যানেল অতিক্রমকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে। এতে জাহাজটির তলা ফেটে ডুবতে শুরু করে। ঐ সময় আশপাশে থাকা জেলেদের নৌকা এসে তাদের ১৩ জনকে উদ্ধার করে। এমভি হ্যাং গ্যাং-১ ডুবে যাওয়ার পর মাস্টার আল আমিন শেখ মেসার্স জেড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক তরুণ গাঙ্গুলির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে জাহাজ ডুবে যাওয়ার কথা জানান। তার সঙ্গে পরামর্শ করে জাহাজের মাস্টার আল আমিন শেখ দুপুর ১টায় এ ব্যাপারে সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করেন।
অপরদিকে বিআইডব্লিউটিএর বিভিন্ন সূত্র জানায়, ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে ডুবে থাকা একটি জাহাজের সাথে ধাক্কা লেগে এমভি হ্যাং গ্যাং-১ নামের একটি লাইটার জাহাজ পণ্য নিয়ে ডুবে গেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটি পরিচালনা করছে মেসার্স জেড শিপিং লাইন।
বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. সেলিম জানান, এমভি হ্যাং গ্যাং-১ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে গ্যাসলাইনের পাইপ নিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে জাহাজটির স্টিয়ারিং ফেল করায় একটি ডুবে থাকা জাহাজের সঙ্গে ধাক্কা লেগে সেটির তলা ফেটে ডুবে যায়।