রাজধানীর শেরেবাংলা নগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসফিকুর রহমান ওরফে উজ্জ্বল (৩৬) ও লিংকন হোসেন হিরণ (৩০) নামের দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-৪। গত সোমবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। র্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মোজাম্মেল হক বলেন, মাসফিকুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানায়, মাসফিকুরের বিরুদ্ধে আগে চাঁদাবাজি, নারী নির্যাতনসহ ছয়টি মামলা রয়েছে। তিনি অস্ত্রের ভয় দেখিয়ে শেরেবাংলা নগরের তালতলা এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলেন। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। এলাকায় নতুন কোনো ভবনের কাজ শুরু হলে তাকে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হতো। চাঁদা না দিলে তার ক্যাডার বাহিনী দিয়ে কাজ বন্ধ করে দিতেন। এছাড়া সরকারি খাসজমি ও অন্যের জমি দখল করে সেখানে স্থাপনা তৈরি করে, তা ভাড়া দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। তার সহযোগীরা আগারগাঁও এলাকায় ফুটপাতের দোকান থেকে চাঁদা আদায় করে। অস্ত্রধারী হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ করার কেউ সাহস পেতেন না। কেউ অভিযোগ দিলে মারধর করতেন মাসফিকুর। গ্রেফতারকৃত হিরণের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উজ্জ্বলের সঙ্গে অপরাধে প্রত্যক্ষভাবে জড়িত হিরণ।