বরিশালে প্রথম দফায় নির্বাচিত ৪৯ চেয়ারম্যানের শপথ প্রদান

বরিশালে প্রথম দফায় নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলার নবনির্বাচিত ৪৯ জন চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। আরেকজন চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন থাকায় তিনি এই শপথগ্রহন অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ইউপি চেয়ারম্যানদের সরকারি বিধিবিধান মেনে জনকল্যাণে কাজ করার নির্দেশনা দেন। কেউ শপথ ভঙ্গ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়টিও স্মরণ করিয়ে দেন তিনি। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমূল হুদা এবং সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম জানান, প্রথম দফায় গত ২১ জুন বরিশাল জেলার ৫০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাদের গেজেট প্রকাশিত হয় গত পহেলা জুলাই। নিয়মানুযায়ী গেজেট প্রকাশের ১ মাসের মধ্যে নির্বাচিতদের শপথ পড়ানোর নিয়ম রয়েছে। গতকাল ৪৯ জন চেয়ারম্যানকে জেলা প্রশাসক শপথবাক্য পাঠ করিয়েছেন।

৫০টি ইউনিয়নে নির্বাচিত সদস্যদের স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারা শপথ পড়াবেন বলে জেলা প্রশাসন সূত্র জানায়। আজ বুধবার জেলার গৌরনদী ও বাকেরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে নির্বাচিত সদস্যদের শপথ পড়ানো হবে বলে জানা গেছে।