চট্টগ্রামে গতকাল মঙ্গলবার থেকে আবার শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। সিটি করপোরেশনের ১১টি টিকা কেন্দ্রসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হচ্ছে করোনা প্রতিরোধী টিকা। গতকাল থেকে সিটি করপোরেশন এলাকায় মডার্না ও উপজেলা এলাকায় সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে গতকাল থেকে শুরু হয়েছে করোনা টিকাদান কার্যক্রম। নগরীতে গত সোমবার পর্যন্ত সিনোফার্মের টিকা দেওয়া হলেও তা বন্ধ রেখে গতকাল থেকে মডার্নার টিকা দেওয়া হচ্ছে। তবে উপজেলার টিকাদান কেন্দ্রে দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা।
গত ১১ জুলাই চট্টগ্রামে আসে চীন ও যুক্তরাষ্ট্রের তৈরি সিনোফার্ম এবং মডার্নার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা। এর মধ্যে মডার্নার ১ লাখ ৫ হাজার ৬০০ ডোজ এবং সিনোফার্মের ৭৮ হাজার ৪০০ ডোজ।