শত্রুতা ভুলে ইসরাইলি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ তুর্কি প্রেসিডেন্টের

তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান শত্রুতা ভুলে ইসরাইলের নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি ইসরাইলের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানান এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। তুর্কি প্রেসিডেন্টের দপ্তর থেকে গতকাল বলা হয়েছে, সোমবারের ফোনালাপে এরদোয়ান ইসরাইলের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ রক্ষাকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুত্ববহ বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, তুরস্ক ও ইসরাইলের মধ্যে জ্বালানি, পর্যটন ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ রয়েছে। ইসরাইলের সঙ্গে তুরস্কের সম্পর্ক থাকলেও ২০১৮ সালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। গাজা উপত্যকায় ইসরাইলি হামলা ও তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাসে স্থানান্তরের প্রতিবাদে তুরস্ক সে সময় তেল আবিব থেকে নিজের রাষ্ট্রদূত প্রত্যাহার এবং আঙ্কারা থেকে ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল। -পার্স টুডে