আবারও রূপালি পর্দায়

রে জা উ ল  ক রি ম  খো ক ন

১৪ বছর পর আবার রূপালি পর্দায় অভিনয়ে ফিরেছেন শিল্পী শেঠি। আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘হাঙ্গামা টু’। করোনা মহামারির প্রতিকূল পরিস্থিতিতে প্রেক্ষাগৃহে নয়, ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে দেখা যাবে কমেডি ধাঁচের ছবিটি। ছবিটির পরিচালক প্রিয়দর্শন। যিনি একসময় ‘হাঙ্গামা’, ‘গরম মসলা’, ‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’, ‘চুপ চুপকে’, ‘হালচার’, ‘খাট্টা মিঠা’, ‘মালামাল উইকলি’, ‘ভিরাসাত’ প্রভৃতি ছবি পরিচালনা করে বলিউডে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন। দক্ষিণী চিত্রলোকের গুণী এই চিত্রনির্মাতা মাঝখানে ৮ বছর বলিউডে নতুন কোনো ছবি পরিচালনা করেননি।

‘হাঙ্গামা টু’ ছবির মাধ্যমে আবার বলিউডে ফিরছেন প্রিয়দর্শন। শিল্পী শেঠি ও পরিচালক প্রিয়দর্শনের কামব্যাক মুভি ‘হাঙ্গামা টু’ নিয়ে তাই দর্শকদের মধ্যে বাড়তি চাঞ্চল্য এবং কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। মুক্তি প্রতীক্ষিত ছবি ‘হাঙ্গামা টু’র ট্রেলার টিজার যারা দেখেছেন, ইতিমধ্যে তারা এ কথা স্বীকার করবেন। ১৯৯৩ সালে সুপারহিট অ্যাকশন থ্রিলার ‘বাজিগত’র মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে পথচলা শুরুর পর বিভিন্ন সিনেমায় নিজেকে একজন সুন্দরী, আকর্ষণীয় ও গ্ল্যামার তারকা হিসেবে তুলে ধরে ভালো একটি অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছেন তিনি। বলিউডের নামি-দামি প্রতিষ্ঠিত ব্যানার, চিত্র নির্মাতাদের ছবিতে জনপ্রিয়সব অভিনেতাদের বিপরীতে নায়িকা হিসেবে শিল্পী শেঠিকে দেখা গেছে। তার অভিনীত ছবি বক্স অফিসে হিট সুপারহিট হয়েছে। ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘ধাকান’, ‘রিশতে’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘দাশ’, ‘লাল বাদশা’, ‘গ্যাম্বলার’, ‘আগ’, ‘হিম্মত’, ‘শূল’, ‘হাতকড়ি’,  খাউফ কী, ফারিব’, প্রভৃতি ছবিতে শিল্পা নিজেকে সফল অভিনেত্রী হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। এক সময়ে হিন্দি ছবির জগতে তার চমত্কার ভালো চাহিদা গড়ে উঠলেও নিজেকে তেমন শক্ত একটি অবস্থানে নিয়ে যেতে পারেননি। বলা যায়, রূপালি পর্দায় তাকে দেখে দর্শক কিছু সময়ের জন্য আবিষ্ট হয়েছেন, কিন্তু পরক্ষণেই সেই আবেশ হারিয়ে গেছে। দর্শকমনে স্থায়ীভাবে রেখাপাত করতে পারেননি দু’একটি ছবি ছাড়া অন্যান্য ছবিগুলোতে। ২০১৩ সালে তাকে সর্বশেষ নায়িকা হিসেবে দেখা গিয়েছিল ‘আপনে’ ছবিতে সানি দেওলের বিপরীতে। এরপর দু’একটি সিনেমায় আইটেম সং-এ পারফর্ম করতে দেখা গেলেও অভিনেত্রী হিসেবে পর্দায় আর দেখা যায়নি। গত ১৪ বছরে ছোট পর্দায় বিভিন্ন রিয়েলিটি শো’তে বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন। বিভিন্ন ধরনের ব্যবসায়-বাণিজ্যে জড়িয়েছেন নিজেকে। এর মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের একটি টিম রাজস্থান রয়্যালস’র মালিক হিসেবে ছিলেন ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত। ২০০৯ সালে ব্যবসায়ী ও বিজনেস পার্টনার রাজ কুন্দ্রাকে বিয়ে করে সংসারী হয়েছেন।

রূপালি পর্দায় নায়িকা কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে না দেখা গেলেও শিল্পাকে দর্শক নিয়মিতভাবে ছোট পর্দায় রিয়েলিটি শো এবং বিভিন্ন অ্যাডে দেখছেন অনেকদিন ধরেই। মিডিয়াতেও নানাভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন। বলা যায়, দর্শকদের চোখের আড়ালে ছিলেন না কোনোভাবেই। অবশেষে ‘হাঙ্গামা টু’ ছবিতে প্রধান নারী চরিত্রে ফিরছেন এই বলিউড সুন্দরী।