আনন্দ বিনোদন প্রতিবেদক
দুই দশক পরে গানে ফিরে এসে ছন্দ ফিরে পেয়েছেন সংগীতশিল্পী জয়। একের পর এক প্রকাশ পাচ্ছে তার কণ্ঠের নতুন নতুন গান। আগামী ঈদে আসছে তার নতুন তিনটি গান।
এর মধ্যে কবির বকুলের লেখা এবং উজ্জ্বল সিনহার সুরে একটি ডুয়েট গান করেছেন সেরা কণ্ঠের ঝিলিকের সঙ্গে। আরেকটি ডুয়েট গান করেছেন ক্লোজআপ তারকা সালমার সঙ্গে। আহম্মেদ রিজভির লেখায়, এর সুর ও সংগীত আয়োজন করছে সুমন কল্যাণ। ইথুন বাবুর একটি গান করেছেন বিন্দু কনার সঙ্গে । তবে ২০০১ সালে ‘সাদা কাফন পরাইয়া’ নামে একটি অ্যালবাম প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করেছিলেন। প্রায় দুই দশক পরে গানে ফিরে যেন নিজের মধ্যে ছন্দ ফিরে পেয়েছেন এই শিল্পী।
জয় বলেন, ‘প্রথমে আমি খুলনা বেতারে এনলিস্টেড হই পল্লী গীতির শিল্পী হিসেবে। বেতারে এনলিস্টেড হওয়ার পর আমার গানের প্রতি আগ্রহ আরো বাড়তে থাকে। আমার গ্রাম শহরের মানুষরা রেডিওতে আমার গান শুনে উত্সাহ দিতে থাকে। আমার মাও আমাকে গান করার জন্য খুব উত্সাহ দিতে থাকেন। তখন থেকেই মনের ভিতরে শিল্পী হওয়ার স্বপ্ন দানা বাঁধতে শুরু করে। এত বছর পরে সেই স্বপ্ন যেন আমার জীবনে উঁকি দিচ্ছে। আমার গাওয়া প্রকাশিত নতুন গানগুলোর সুবাদে এখন সংগীত জগতের অনেক বড় বড় নামি-দামি মানুষদের সঙ্গে পরিচয় হচ্ছে। বেশ উপভোগ করছি সময়টা। করোনার কারণে সময়টা এখন খারাপ, তা না হলে সময়টা আরো উপভোগ্য হতো। অনেক স্টেজ শো করতে পারতাম।’ ২০০১ সালে তিনি স্থায়ীভাবে ঢাকায় চলে আসেন এবং বাংলাদেশ টেলিভিশনে অডিশন দিয়ে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। প্যাড ড্রাম বাজানোর সুবাদে বিভিন্ন গ্রুপের সঙ্গে বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে তার। সিঙ্গাপুর, ডুবাই, ওমান, কাতার, জাপান, ভারত, মালয়েশিয়ায় শো করেছেন। তিনি বলেন, ‘বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে গানের অনুষ্ঠানগুলোতে নিয়মিত ডাক পাচ্ছি। আজীবন আমি গান নিয়েই থাকতে চাই; গানের বাইরে আমার যে আর করার কিছু নাই!’