বিনোদন প্রতিবেদক
আসন্ন ঈদে একক সংগীতানুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে আসছেন গীতিকার, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী মান্নান মোহাম্মদ। অনুষ্ঠানটিতে নিজের সুর ও সংগীতে ‘আকাশে উড়াবে কী আমায়’, ‘বেঈমান পাখি’, তোমার মুখের হাসি’, ‘মিছে তোরা দিস না পানি’, ও ‘যার কথা ভেবে’ শিরোনামের ৫টি মৌলিক গান গেয়ে শোনাবেন তিনি। গানগুলো লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, নাজমা মোহাম্মদ, মোহাম্মদ ইকবাল হোসেন ও মান্নান মোহাম্মদ। গানগুলোর সুর ও সংগীত করেছেন শিল্পী নিজেই। নতুন এই গানগুলো প্রসঙ্গে মান্নান মোহাম্মদ বলেন, ‘ঢাকায় তো এসেছিলাম সংগীতশিল্পী হতে। কিন্তু পরিচিতি পেলাম সংগীতশিল্পী হিসেবে। তবে এতদিন পর আবারো গানে কণ্ঠ দিতে পেরে ভালো লাগছে। গতানুগতিকতার বাইরে গিয়ে সম্পূর্ণ মৌলিক এই গানগুলোর কথা, সুর ও গায়কীতে অন্যরকম একটা ধাঁচ খুঁজে পাবেন দর্শকরা। আশা করছি আমার নতুন এই গানগুলো দর্শক-শ্রোতাদের ঈদে বাড়তি আনন্দ জোগাবে।’ এরইমধ্যে বেশকিছু চলচ্চিত্রের সংগীত পরিচালনা করে প্রশংসিত হয়েছেন মান্নান মোহাম্মদ। ‘বুকের ভেতর আগুন’, ‘তুমি কী সেই’, ‘টিপ টিপ বৃষ্টি’, ‘ভুল যদি হয়’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র যোগ করেছেন ক্যারিয়ারে। এছাড়া নিয়মিত গান লেখা, সুর ও সংগীতের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখছেন তিনি। সংগীত পরিচালনা থেকে আবারো গানে কণ্ঠ দেওয়া কী ক্যারিয়ারের প্রয়োজনে?—এমন প্রশ্নে মান্নান মোহাম্মদ আরো বলেন, ‘না, আসলে ক্যারিয়ার সংকটের কারণে গানে কণ্ঠ দেওয়া না। শিল্পী হওয়াই তো আমার সাধনা ছিল। মাঝে নানামুখী কাজে জড়িয়ে পড়ায় অনেকটা দূরে সরে গিয়েছিলাম। তবে এখন থেকে নিয়মিত গানে কণ্ঠ দিতে চাই। আমার পুরনো গানগুলো গাওয়ার পাশাপাশি নতুন গান নিয়ে দর্শক-শ্রোতাদের সঙ্গে নিয়মিত থাকাই এখন লক্ষ্য।’