ইসরাইলে আমিরাতের দূতাবাসের যাত্রা শুরু

আনুষ্ঠানিকভাবে বুধবার ইসরাইলে আরব আমিরাতের দূতাবাসের যাত্রা শুরু হয়েছে। দূতাবাসের উদ্বোধনের সময় ইসরাইলের প্রেসিডেন্টও সেখানে উপস্থিত ছিলেন। তেল আবিবের স্টক এক্সচেঞ্জ ভবনে ঐ দূতাবাস অবস্থিত। আলজাজিরা

এর আগে গত মাসেই আরব আমিরাতে দূতবাস চালু করে ইসরাইল। তারই ধারাবাহিকতায় এবার ইসরাইলে নিজেদের দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করল আমিরাত। গত আগস্টে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি সই করে সংযুক্ত আরব আমিরাত। এরপর চলতি বছরের শুরুতেই ইসরাইলি রাজধানী তেল আবিবে দূতাবাস স্থাপনের আনুষ্ঠানিক অনুমোদন দেয় আমিরাতের মন্ত্রিসভা। এদিকে ইসরাইলি প্রেসিডেন্ট ইসাক হেরজগের পাশে দাঁড়িয়ে স্টক এক্সচেঞ্জের ভবনের বাইরে নিজ দেশের পতাকা উত্তোলন করেন ইসরাইলে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজা। গত ২৫ বছরের মধ্যে আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। সবশেষ ১৯৯৬ সালে ইসরাইলিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক গড়েছিল জর্ডান। এরপর গত দুই যুগ ধরে আর কোনো আরব দেশ ইসরাইলের সঙ্গে সরাসরি সম্পর্ক করেনি, যদিও তাদের অনেকে গোপনে বা পরোক্ষভাবে সম্পর্ক বজায় রেখেছে বলে অভিযোগ রয়েছে। আরব দেশগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক খারাপ ছিল ইসরাইলের। এর মূল কারণ ফিলিস্তিন ইস্যু।