রূপপুর প্রকল্পে কর্মরতদের করোনার টিকাদান শুরু

দেশব্যাপী করোনা মহামারি পরিস্থিতির ক্রমাবনতির প্রেক্ষাপটে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরতদের জরুরী ভিত্তিতে করোনার টিকা প্রদান বুধবার (১৪ জুলাই) থেকে শুরু হয়েছে। রাশিয়া সরকারের সহযোগীতায় ‘স্পুটনিক ভি’ টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।

এ সময় মন্ত্রী ইত্তেফাককে বলেন, রাশিয়া মুক্তিযুদ্ধের সময় থেকেই আমাদের সাহায্য করছে। প্রকল্পের কাজ নিরুদ্বিগ্নভাবে এগিয়ে নেয়ার জন্য রাশিয়ানদের সাথে সাথে কর্মরত বাংলাদেশীদেরও টিকা প্রদানে রাশিয়া সরকার সহযোগিতার হাত বাড়িয়েছেন। এজন্য তিনি রাশিয়া সরকারকে অভিনন্দনের সাথে সাথে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। 

 বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, প্রকল্পে কর্মরত পরমাণু শক্তি কামিশনের ৭৫০ জনকে টিকাদান শুরু হলো। এছাড়াও প্রকল্পের বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানে কর্মরত বাঙ্গালি-আমাদের ছেলেরা যারা কাজ করছেন, তাদেরও ক্রমান্বয়ে টিকা দেয়ার জন্য রাশিয়া সরকারকে অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজন হলে আমরাও সহযোগীতা করবো। এই টিকাদানের ফলে সকলের মনোবল বৃদ্ধি পাবে এবং প্রকল্পের কাজ আরো দ্রুতগতিতে এগিয়ে যাবে।

প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জানান, প্রকল্পে কর্মরত সকলকেই করোনার টিকার আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে রাশিয়ানসহ বিদেশীদের টিকাদান শেষ পর্যায়ে। পর্যায়ক্রমে বাংলাদেশী যারা প্রকল্পে কাজ করছে তাদেরও শতভাগ টিকা দেয়া হবে।  

রাশিয়ান এটমষ্ট্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি, রাশিয়ান চিকিৎসক মরোজভ, প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস এসময় উপস্থিত ছিলেন।  

ইত্তেফাক/এনএ