পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
পাকুন্দিয়ায় করোনা ভাইরাসের টিকা নিতে আগ্রহী লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছেন। কার আগে কে নেবেন এ প্রতিযোগিতায় নেমেছেন তারা। রেজিস্ট্রেশন করলেও মেসেজ না পেয়েই আসছেন অনেকে। বুধবার সকালে সরজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন চিত্র দেখা গেছে। দীর্ঘদিন বিরতির পর নতুন করে শুরু হওয়া সিনোফার্মের টিকা নিতে আগ্রহ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। সকাল থেকেই টিকা নিতে দেখা যায় নারী-পুরুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রবাসীদের। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ বলেন, দীর্ঘদিন বিরতির পর নতুন করে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। তাই চাপ বেশি। প্রথম দিনে ১০৪ জন, দ্বিতীয় দিনে ১৬৪ জনকে টিকা দেওয়া হয়েছে। ইতিমধ্যে বুধবার দুপুর পর্যন্ত ১১০ জনকে টিকা দেওয়া হয়েছে। সাধারণ লোকজনের মধ্যে টিকা গ্রহণে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। তিনি আরো বলেন, উপজেলা পর্যায়ে ২ হাজার ডোজ টিকা মজুত রয়েছে। ইতিমধ্যে রেজিস্ট্রেশন ১ হাজার পেরিয়েছে।